মিয়ামি, ২১ জুন ২০২৬: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এ আজকের সবচেয়ে আলোচিত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন মেরুর দুই দল—দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং র্যাংকিংয়ে পিছিয়ে থাকা আফ্রিকান নবাগত কেপ ভার্দে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার ভোর ৪টায় মিয়ামি স্টেডিয়ামে।
উরুগুয়ে কাগজে-কলমে স্পষ্ট ফেভারিট হলেও সাম্প্রতিক পারফরম্যান্স তাদের নিয়ে প্রশ্ন তৈরি করেছে। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে তারা শুরুটা করেছে হতাশাজনকভাবে। ম্যাচজুড়ে আক্রমণভাগের অকার্যকারিতা স্পষ্ট ছিল, যেখানে বেশিরভাগ সুযোগই এসেছে সেট পিস থেকে। শেষ ১০ মিনিটের আগে কার্যকর কোনো আক্রমণ গড়তে পারেনি মার্সেলো বিয়েলসার দল।
গত আটটি প্রতিযোগিতামূলক ম্যাচের সাতটিতেই এক বা তার কম গোল করেছে উরুগুয়ে, যা তাদের আক্রমণভাগের ধারহীনতাকেই তুলে ধরছে। কাতার বিশ্বকাপ থেকে অকাল বিদায়ের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি দলটি। তাই ডারউইন নুনিয়েস ও ফেদেরিকো ভালভার্দের মতো তারকাদের ওপর নির্ভর করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে লা সেলেস্তেরা।
অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। শক্তিশালী স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা ফুটবল দুনিয়ায় বড় বিস্ময় তৈরি করেছে। র্যাংকিং ব্যবধান ৬০ পেরিয়েও ম্যাচে হার না মানা এই দল এখন ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সাফল্যের নায়ক হিসেবে উঠে এসেছেন ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। স্পেনের একের পর এক আক্রমণ রুখে দিয়ে ৭টি দারুণ সেভ ও ৩টি উচ্চমানের বল দখলের মাধ্যমে তিনি দলের রক্ষণকে দেয়াল বানিয়ে ফেলেন।
কেপ ভার্দের রক্ষণভাগ শুধু ওই ম্যাচেই নয়, বরং ধারাবাহিকভাবেই শক্তিশালী। বাছাইপর্বের ১০ ম্যাচের ৭টিতেই তারা ক্লিন শিট ধরে রেখেছে। সম্প্রতি সার্বিয়া ও বারমুডার বিপক্ষে বড় ব্যবধানে জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
তবে উরুগুয়ের মতো অভিজ্ঞ ও শক্তিশালী দলের বিপক্ষে কেপ ভার্দেকে বাড়তি পরীক্ষা দিতে হবে আক্রমণভাগে। স্পেনের বিপক্ষে ম্যাচে খুব সীমিত সুযোগ পেলেও সেই অভিজ্ঞতাই এখন তাদের জন্য শিক্ষা।
বিশ্লেষকদের মতে, শক্তির দিক থেকে উরুগুয়ে এগিয়ে থাকলেও সাম্প্রতিক গোলখরা এবং কেপ ভার্দের সংগঠিত রক্ষণ এই ম্যাচকে অপ্রত্যাশিত মোড় দিতে পারে। তবুও অভিজ্ঞতার ভরসায় জয় তুলে নিয়ে নকআউটের পথে একধাপ এগিয়ে যেতে চায় উরুগুয়ে।
ফিফা র্যাংকিং
উরুগুয়ে: ১৮
কেপ ভার্দে: ৬৩
মুখোমুখি রেকর্ড: প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হচ্ছে দুই দল।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স