সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রথমবারের মতো যাত্রীবাহী রেলসেবা চালুর প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের তথ্য অনুযায়ী, আগামী ৩০ জুন আবুধাবি ও ফুজাইরাহর মধ্যে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।
আবুধাবির নতুন রেলস্টেশন উদ্বোধনের পর এ ঘোষণা দেন দেশটির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ। তিনি বলেন, সমন্বিত পরিবহনব্যবস্থা গড়ে তোলার দীর্ঘমেয়াদি জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে আবুধাবি ও ফুজাইরাহর মধ্যে ট্রেন চলাচল শুরু হলেও পর্যায়ক্রমে দেশের সাতটি আমিরাতের মধ্যে চারটিকে এই রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে অন্যান্য আমিরাতেও রেল যোগাযোগ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই করা হবে।
নির্ধারিত ভাড়া অনুযায়ী, আবুধাবি-ফুজাইরাহ রুটে স্ট্যান্ডার্ড শ্রেণির টিকিটের মূল্য ৫৫ দিরহাম এবং প্রিমিয়াম শ্রেণির টিকিটের মূল্য ১২০ দিরহাম। মঙ্গলবার থেকেই যাত্রীরা টিকিট বুকিংয়ের সুযোগ পাচ্ছেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বহরে মোট ১৩টি আধুনিক ট্রেন থাকবে এবং প্রতিটি ট্রেনে সর্বোচ্চ ৪০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।
এদিকে দুবাইয়ের কেন্দ্রীয় রেলস্টেশন আগামী ৩০ সেপ্টেম্বর এবং শারজাহর প্রধান স্টেশন ২০২৭ সালের ৩০ মার্চ চালু হওয়ার কথা রয়েছে।
স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে শেখ খালেদ বলেন, নতুন রেল নেটওয়ার্ক বিভিন্ন আমিরাতের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে, পণ্য ও যাত্রী পরিবহনকে গতিশীল করবে এবং বিনিয়োগ, পর্যটন ও নগর উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে।
উল্লেখ্য, ২০১৬ সালে দুবাই ও আবুধাবির মধ্যে হাইপারলুপ প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তবে যাত্রীবাহী রেলসেবা চালুর মাধ্যমে ইউএই এখন আধুনিক গণপরিবহন ব্যবস্থার নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
এ ছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে রেল যোগাযোগ স্থাপনের দীর্ঘদিনের পরিকল্পনাও ধীরে ধীরে এগিয়ে চলছে। গত ডিসেম্বরে সৌদি আরব ও কাতার উপসাগরীয় অঞ্চলের রাজধানীগুলোকে সংযুক্ত করতে উচ্চগতির রেলপথ নির্মাণে চুক্তি স্বাক্ষর করেছে। পাশাপাশি ওমানের সোহার বন্দর ও আবুধাবিকে সংযুক্তকারী ৩ বিলিয়ন ডলারের রেল প্রকল্পের প্রায় ৪০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক