আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের ফাইনালে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
সম্প্রতি মার্কিন গণমাধ্যম ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা সবসময় একসঙ্গেই থাকি।’ তার এই মন্তব্যের পর ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সাধারণত বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ফিফা সভাপতিই এককভাবে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও সেই প্রথা অনুসরণ করা হয়েছিল। তবে এবার সেই দীর্ঘদিনের রীতি থেকে সরে আসছে ফিফা।
ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান নিয়েও সমালোচনা তৈরি হয়েছিল।
এ ছাড়া গত মৌসুমের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি শিরোপা জয়ের পর ট্রাম্প নিজ হাতে অধিনায়ক রিস জেমসের কাছে ট্রফি হস্তান্তর করেন। পরবর্তীতে খেলোয়াড়দের উদযাপনের সময়ও তিনি মঞ্চে অবস্থান করায় ফুটবল মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
তবে রাষ্ট্রপ্রধানদের হাতে ট্রফি প্রদানের নজির একেবারে নতুন নয়। ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং ১৯৮২ বিশ্বকাপে স্পেনের রাজা হুয়ান কার্লোস বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন।
তবুও এবারের বিশ্বকাপে ট্রাম্পকে ট্রফি প্রদান অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে ঘিরে ফুটবল অঙ্গনে বিতর্ক ও আলোচনা অব্যাহত রয়েছে। অনেকের মতে, এটি ফিফার প্রচলিত প্রটোকল থেকে ব্যতিক্রমী পদক্ষেপ; অন্যদিকে সমর্থকদের একাংশ একে বিশ্বকাপের আয়োজক দেশের রাষ্ট্রপ্রধানকে সম্মান জানানোর উদ্যোগ হিসেবে দেখছেন।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স