বিশ্বকাপের নকআউট পর্বে এবার অন্যতম আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার শক্তিশালী দল জাপানের মধ্যকার ম্যাচ। পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে জাপান নিজেদের এমন উচ্চতায় নিয়ে গেছে, যেখানে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
আগামী ২৯ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই রাউন্ড অব ৩২-এর ম্যাচ। জয়ী দল নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট। কাগজে-কলমে ফেবারিট ব্রাজিল হলেও মাঠের বাস্তবতা বলছে, জাপান হতে পারে তাদের জন্য বড় বাধা।
গত কয়েক বছরে ধারাবাহিক উন্নতিতে জাপান বিশ্ব ফুটবলে নিজেদের অন্যতম পরিণত দলে পরিণত করেছে। ২০১৯ সালের পর ইউরোপের কোনো দলের কাছে হারেনি তারা। এই সময়ে দুইবার জার্মানিকে পরাজিত করার পাশাপাশি জার্মানির মাটিতে চার গোল করেছে। বিশ্বকাপের আগে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় জাপান। এমনকি গত বছর ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ে তারা।
জাপানের মূল শক্তি দলগত ফুটবল। ব্যক্তিনির্ভরতার পরিবর্তে সমন্বিত আক্রমণ-রক্ষণ, দ্রুত প্রেসিং, বল হারানোর সঙ্গে সঙ্গে পুনরুদ্ধারের চেষ্টা এবং ক্ষিপ্র গতিতে রক্ষণ থেকে আক্রমণে উঠে আসার দক্ষতা তাদের অন্যতম বড় অস্ত্র। শৃঙ্খলাবদ্ধ ডিফেন্স, নিখুঁত পাসিং ও নিরবচ্ছিন্ন দৌড় প্রতিপক্ষকে সবসময় চাপে রাখে।
অন্যদিকে ব্রাজিলের আক্রমণভাগ এখনও বিশ্বের অন্যতম ভয়ংকর। দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়র গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন। তবে মাঝমাঠে কিছুটা দুর্বলতা চোখে পড়েছে, আর সেই সুযোগ কাজে লাগানোর লক্ষ্য থাকবে জাপানের। একই সঙ্গে দলে ফিরেছেন নেইমার, যার উপস্থিতি ব্রাজিলের আক্রমণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য স্পষ্টভাবেই ব্রাজিলের পক্ষে। এখন পর্যন্ত ১৭টি ম্যাচে ব্রাজিল জয় পেয়েছে ১৪টিতে, জাপানের জয় মাত্র একবার এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। তবে জাপানের একমাত্র জয়টিই এসেছে গত বছর, যা তাদের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে।
ফলে রাউন্ড অব ৩২-এর এই লড়াইকে অনেকেই টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ হিসেবে দেখছেন। একদিকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বিভোর ব্রাজিল, অন্যদিকে নির্ভীক, সংগঠিত ও আত্মবিশ্বাসে উজ্জীবিত জাপান। পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে থাকলেও মাঠের লড়াইয়ে জাপান আবারও ইতিহাস রচনার স্বপ্ন দেখছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স