চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতার মধ্যে এ একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আনুষ্ঠানিক প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর দুই নেতার পৃথক একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়াকে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।
হুমায়ুন কবির বলেন, “প্রতিনিধি দলের উপস্থিতিতে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই নেতার পৃথক একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের প্রতি চীনের বিশেষ গুরুত্ব এবং দুই দেশের পারস্পরিক আস্থার বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, এই বৈঠক বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর ও কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সফরের শেষ দিনে স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রায় ৫০ মিনিটব্যাপী দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এরপরই দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ বৈঠক বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার