এক ফ্রি-কিকে ইতিহাসের ঝড়, রেকর্ডের পর রেকর্ড গড়ে বিশ্বকাপ মাতালেন মেসি

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, ১০:৫৯ রাত
  • ১৬৯৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিশ্বকাপ মানেই যেন নতুন ইতিহাসের জন্ম দিচ্ছেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে আবারও নিজের নাম তুললেন রেকর্ডের পাতায়। তার সেই গোলেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচের ৮০তম মিনিটে করা গোলটি ছিল চলতি বিশ্বকাপে মেসির ষষ্ঠ এবং বিশ্বকাপের আসরগুলো মিলিয়ে তার ১৯তম গোল। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এর আগে টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ড ছিল ফ্রান্সের জুস্ত ফঁতেন (১৯৫৮) এবং ব্রাজিলের জাইরজিনহোর (১৯৭০)। ২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে শুরু হওয়া গোলের ধারাবাহিকতা ২০২৬ বিশ্বকাপেও বজায় রেখে দুই কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন মেসি।

২০২২ বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি। এরপর চলতি আসরে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে গোল করে টানা সাত ম্যাচে গোলের নজির স্থাপন করেন।

শুধু এটুকুতেই থেমে থাকেননি মেসি। জর্ডানের বিপক্ষে করা ফ্রি-কিক গোলটি বিশ্বকাপে ডি-বক্সের বাইরে থেকে তার ষষ্ঠ গোল। গত ৬০ বছরের বিশ্বকাপ ইতিহাসে এটি সর্বোচ্চ। এর আগে পাঁচটি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনো।

এছাড়া গত ছয় দশকে বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিক থেকে দুটি গোল করা মাত্র ষষ্ঠ ফুটবলারও এখন মেসি। একই সঙ্গে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বেই ছয় গোল করে এক আসরের গ্রুপ পর্বে ছয় গোল করা মাত্র পঞ্চম খেলোয়াড়ের কাতারে নাম লেখালেন তিনি। ১৯৯৪ সালে রাশিয়ার ওলেগ সালেঙ্কোর পর প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয়ভাবেও নতুন মাইলফলক স্পর্শ করেছে আর্জেন্টিনা। জর্ডানকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়েছে আলবিসেলেস্তেরা। ১৯৩০, ১৯৯৮, ২০১০ ও ২০১৪ সালের পর এবারও তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল লিওনেল স্কালোনির দল।

একই সঙ্গে বিশ্বকাপে টানা নয় ম্যাচ অপরাজিত থাকার কীর্তিও ধরে রাখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের পর বিশ্বকাপে আর কোনো ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি আর্জেন্টিনা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad