ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ঘোষণা দিয়েছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপই হবে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এই ঘোষণার মধ্য দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করা এক কিংবদন্তির বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তির ঘণ্টা বেজে উঠল।
বিশ্বকাপ চলাকালে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “আমি এই বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। সমর্থক, পরিবেশ—সবকিছুই অসাধারণ। তবে নিশ্চিতভাবেই এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।”
২০০৬ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া রোনালদো এরপর টানা পাঁচটি আসরে পর্তুগালের জার্সিতে মাঠ মাতিয়েছেন। ২০২৬ বিশ্বকাপ তাঁর ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপ হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে।
ঘোষণার পাশাপাশি নিজের স্বভাবসুলভ রসিকতাও তুলে ধরেন এই পর্তুগিজ মহাতারকা। একটি বিমানের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, এক ফ্লাইট অ্যাটেনডেন্টের আচরণ দেখে তিনি বুঝতে পেরেছিলেন, তিনি আর্জেন্টিনার সমর্থক। পরে হাস্যরস করে রোনালদো বলেন, “আমি তাকে বলেছিলাম, জানি তুমি আর্জেন্টিনার, তাই আমাকে পছন্দ করো না। তবে চিন্তা কোরো না, আমার স্ত্রী কিন্তু আর্জেন্টিনার।”
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে অসংখ্য রেকর্ডের মালিক রোনালদো পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের রেকর্ডও তাঁর দখলে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইউরোপীয় ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন।
২০২৬ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজনের বিদায় ঘটবে। রোনালদোর এই ঘোষণা ফুটবলপ্রেমীদের জন্য যেমন আবেগঘন, তেমনি বিশ্ব ফুটবলের এক স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তিরও ইঙ্গিত বহন করছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স