বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের জন্যও আগাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্ত দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন। পাশাপাশি জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের সরকারি উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে আগাম ধন্যবাদ জানান।
বক্তব্যে রাজধানী ঢাকার জলাবদ্ধতা ও নগর ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা জনদুর্ভোগের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা নিরসনে সমন্বিত ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণের পাশাপাশি জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ঢাকার বর্তমান সংকট কোনো একক সরকার বা বর্তমান সংসদের সৃষ্টি নয়; বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত উন্নয়নের ফল। উন্নয়নের নামে বিপুল বরাদ্দ দেওয়া হলেও তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। বরং এর সুবিধা সীমিত কিছু ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যেই আবদ্ধ থেকেছে। এখন জনগণের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করে তাদের দীর্ঘদিনের সমস্যার কার্যকর সমাধান করার সময় এসেছে।
তিনি আরও বলেন, রাজধানী ঢাকা দেশের মুখচ্ছবি। বিদেশিরা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে রাজধানীর অবস্থা বিশেষভাবে বিবেচনা করেন। তাই ঢাকাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
এ ছাড়া সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের নিহত ব্যক্তিদের পরিবারের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার