সিরাজগঞ্জের কামারখন্দে পুলিশ নারী সহায়তা ডেস্কের সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পর্যায়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএ (UNFPA)-এর PREVAIL প্রকল্পের আওতায় কামারখন্দ থানা পুলিশের উদ্যোগে বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের দোগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দোগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিয়াকোত আলী খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কামারখন্দ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. হায়দার আলী শেখ এবং নিউজ-২১-এর জেলা প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক মো. আব্দুল খালেক।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম পুলিশ নারী সহায়তা ডেস্কের বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি নারী নির্যাতন, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতাসহ যেকোনো ধরনের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের ঘটনার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানান এবং নিরাপদ, বৈষম্যহীন ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো এবং পুলিশের নারী সহায়তা ডেস্কের সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার অত্যন্ত জরুরি।
সচেতনতামূলক এ সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, নারী প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার