ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজি ও ব্যাংক লুটের ঘটনায় অভিযুক্ত এস আলম গ্রুপের সহযোগী হিসেবে পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও ব্যাপক লুটপাটে মো. সাহাবুদ্দিন চুপ্পুর সহযোগিতা ছিল। তারা বলেন, ব্যাংক খাত ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও দাবি করেন, ইসলামী ব্যাংক লুটের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা, পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংক খাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শেষ হয়।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার