শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, তিন কর্মী গ্রেপ্তার

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ সকাল
  • ১০৮৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার কানারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—সদর উপজেলার দক্ষিণ আটং এলাকার রুহুল আমিন বেপারীর ছেলে সিয়াম হোসেন বেপারী (২০), একই এলাকার আমির হোসেন সরদারের ছেলে অন্তর সরদার (২১) এবং ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার নাসির বেপারীর ছেলে সিয়াম বেপারী (১৯)। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে সদর উপজেলার আটং এলাকার কানারবাজার-বুড়িরহাট সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিলের কিছুক্ষণ পর এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি পুলিশের নজরে এলে পালং মডেল থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সন্ধ্যার দিকে কানারবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের মোবাইল ফোন যাচাই করে মিছিলে অংশগ্রহণের ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পরে সোমবার বিকেলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পালং মডেল থানা ওসি শাহ আলম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল শেষে ফেরার পথে রোববার সন্ধ্যায় কানারবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের মোবাইল ফোন যাচাই করে ছাত্রলীগের মিছিলের ভিডিও পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad