নাহিদাই কি বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক?

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ দুপুর
  • ৪৩৩৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

এশিয়ান গেমস শেষ হওয়ার পর বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তাঁর উত্তরসূরি হিসেবে আলোচনায় সবচেয়ে এগিয়ে রয়েছেন নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।

ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জ্যোতি। অধিনায়ক ও ব্যাটার—দুই ভূমিকাতেই সাম্প্রতিক সময়টা তাঁর ভালো যাচ্ছিল না। এর সঙ্গে মাঠের বাইরের নানা বিতর্কেও জড়িয়েছে তাঁর নাম। এশিয়া কাপ শেষে নারী বিভাগের চেয়ারম্যান জানিয়েছিলেন, ম্যানেজমেন্টের পর্যবেক্ষণে রয়েছেন জ্যোতি। সব মিলিয়ে চাপমুক্ত হয়ে ব্যাটিংয়ে মনোযোগ দিতেই শেষ পর্যন্ত নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের অন্যতম সেরা এই ব্যাটার।

তবে জ্যোতিকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এশিয়ান গেমস থেকে দল দেশে ফেরার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জ্যোতির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তকে গ্রহণ করেছে বোর্ড। তবে তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে, জ্যোতির পর টি-টোয়েন্টি দলের নেতৃত্বের আর্মব্যান্ড উঠবে কার হাতে?

নাহিদা-সোবহানাই এগিয়ে

বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় টি-টোয়েন্টি অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি। পারফরম্যান্সের পাশাপাশি দুজনের অভিজ্ঞতাও তাঁদের আলোচনায় এগিয়ে রাখছে।

চলতি বছর বাংলাদেশের হয়ে ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন সোবহানা। ২৮ গড়ে তাঁর সংগ্রহ ৫৬৮ রান, যা এ বছর দলের হয়ে সর্বোচ্চ। অন্যদিকে ১৭ ম্যাচে ২২ উইকেট নিয়ে দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি নাহিদা আক্তার। সর্বোচ্চ উইকেটশিকারি মারুফা আক্তারের চেয়ে তিন ম্যাচ কম খেলেও মাত্র দুই উইকেট পিছিয়ে আছেন নাহিদা। গড় ও ইকোনমি রেটেও তিনি মারুফার চেয়ে এগিয়ে।

অভিজ্ঞতার বিচারে অবশ্য সোবহানার চেয়ে অনেকটাই এগিয়ে নাহিদা। নিগার সুলতানার পর বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটার তিনি। দেশের জার্সিতে ১১১টি টি-টোয়েন্টি খেলেছেন নাহিদা। সোবহানার ম্যাচসংখ্যা ৭০। তবে বর্তমান টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হিসেবে সোবহানারও নেতৃত্বের আলোচনায় থাকার যথেষ্ট কারণ রয়েছে।

আলোচনায় ফাহিমা-রিতুও

অভিজ্ঞতার বিচারে ফাহিমা খাতুন ও ঋতু মনিও আলোচনায় আসতে পারেন। তবে দীর্ঘমেয়াদি নেতৃত্বের ক্ষেত্রে দুজনের বয়স বড় বিষয় হয়ে উঠতে পারে। দুজনেরই বয়স ৩৩ বছর।

নিগারের পর যদি অন্তর্বর্তীকালীন অধিনায়ক বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি, সে ক্ষেত্রে অভিজ্ঞতার কারণে ফাহিমা বা ঋতুর নাম বিবেচনায় আসতে পারে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তাঁদের সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

অন্যদিকে তরুণদের মধ্যে স্বর্ণা আক্তার ও রাবেয়া খানও আলোচনার বাইরে নন। দুজনই টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য এবং ৫০টির বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলে তাঁদেরও বিবেচনায় রাখতে পারে বিসিবি।

সিদ্ধান্ত বোর্ডের

পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে বিবেচনা করা হতে পারে, সে বিষয়ে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, বিষয়টি নিয়ে বোর্ডের আলোচনা প্রয়োজন।

তিনি বলেন, “এখানে আলোচনার বিষয় আছে। আপৎকালীন কাউকে আনা হবে, নাকি দীর্ঘ সময়ের জন্য—বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বোর্ড যদি পরিকল্পনা করে সামনের এক বছর বা বিশ্বকাপ পর্যন্ত কাউকে রাখতে চায়, সেটা একরকম হবে; সিনিয়র খেলোয়াড়রা আসবেন সে ক্ষেত্রে। দীর্ঘ সময়ের জন্য ভাবলে আরেক রকম হবে। সে ক্ষেত্রে একটু অভিজ্ঞ কিন্তু তরুণ খেলোয়াড় আসতে পারে।”

সিনিয়রদের মধ্যে নাহিদা, সোবহানা, ফাহিমা ও ঋতুর নাম উল্লেখ করে শিপন বলেন, “আবার একেবারে তরুণ হিসেবে রাবেয়া-স্বর্ণা আছে। এদের মধ্যে কেউ আসতে পারে। বোর্ড সিদ্ধান্ত নেবে দীর্ঘমেয়াদে হবে, নাকি আপৎকালীন।”

সহ-অধিনায়ক হিসেবে নাহিদার অভিজ্ঞতা

গত তিন বছর ধরে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাহিদা আক্তার। ফলে নেতৃত্বের ধারাবাহিকতায় তাঁর নাম স্বাভাবিকভাবেই সামনে আসছে।

নাহিদার অধিনায়ক হওয়ার সম্ভাবনা নিয়ে শিপন বলেন, “সালমা যখন দায়িত্ব ছাড়ল, জ্যোতির নেতৃত্বে নাহিদা সহ-অধিনায়ক হলো। গত তিন বছর ধরে সে সহ-অধিনায়ক হিসেবে কাজ করছে। ওই হিসেবে চিন্তা করলে নাহিদার সম্ভাবনা তো বেশিই থাকে। তবে এখনো এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।”

এখন পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও নেতৃত্বের অভিজ্ঞতা, পারফরম্যান্স ও দীর্ঘদিনের সহ-অধিনায়কত্ব—সব মিলিয়ে নাহিদার নাম যে সম্ভাব্য উত্তরসূরিদের আলোচনায় জোরালোভাবে রয়েছে, তা স্পষ্ট। তবে শেষ সিদ্ধান্তটা নেবে বিসিবিই।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad