অজ্ঞাত গাড়ির ধাক্কায় গাজীপুরে মা-মেয়ের মৃত্যু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ দুপুর
  • ৩১৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
গাজীপুরে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তাঁর সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনি নিহত হয়েছে। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পুবাইল থানার মেঘডুবি এলাকায় ঢাকা-বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। ইয়ামনি ছিল তাঁদের একমাত্র সন্তান। তারা গাজীপুর সদর থানার সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা থেকে ২টার মধ্যে কোনো একসময় ঢাকা-বাইপাস মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি মা-মেয়েকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তারা মহাসড়কে পড়ে থাকেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

পরে মা-মেয়েকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ইয়ামনিকে বাঁচাতে চিকিৎসকেরা চেষ্টা চালালেও রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুবাইল থানার এসআই আনোয়ার হোসেন জানান, মা-মেয়ের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তথ্যসূত্র: পুবাইল থানা পুলিশ ও জাতীয় জরুরি সেবা ৯৯৯।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad