শনিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত খুদে গবেষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, গবেষণা শুধু বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই শুরু হবে—এমন ধারণা সঠিক নয়। খুদে গবেষকেরাও শিক্ষা, বিজ্ঞান, পরিবেশ, কম্পিউটার বিজ্ঞান ও সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে নিজেদের চারপাশের সমস্যা নিয়ে কাজ করছে। এসব সমস্যা সমাধানে তারা নিজেদের চিন্তাশক্তি ও হাতের কাছে থাকা উপকরণ কাজে লাগাচ্ছে।
তিনি বলেন, গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের সাহস, উদ্দীপনা, অনুসন্ধিৎসু মনোভাব ও বৈজ্ঞানিক চিন্তার ওপর গুরুত্ব দিতে হবে। শুধু সমস্যা চিহ্নিত করাই নয়, সেই সমস্যার কার্যকর সমাধানের পথ খুঁজে বের করার সক্ষমতাই গবেষণার মূল বিষয়।
বাস্তব সমস্যার সমাধানে গবেষণার প্রয়োগ জরুরিদেশের গবেষণা কার্যক্রমের প্রসঙ্গ তুলে ইউজিসি চেয়ারম্যান বলেন, গত পাঁচ দশকে সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান গবেষণায় বিপুল অর্থায়ন করেছে। এ সময়ে অনেক গবেষণাপত্র আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে এবং গবেষকদের সাইটেশনও হয়েছে। তবে মানুষের দৈনন্দিন জীবনের অনেক সমস্যা এখনো রয়ে গেছে।
তিনি বলেন, গবেষণাপত্র তৈরি হয়েছে, আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে, সাইটেশনও হয়েছে; কিন্তু মানুষের বাস্তব সমস্যাগুলোর অনেকগুলোর সমাধান হয়নি। তাই গবেষণাকে বাস্তব সমস্যা সমাধানের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।
দেশের যানজট, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও লবণাক্ততার মতো সমস্যার কথা উল্লেখ করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, এসব সমস্যা সমাধানে ভবিষ্যতের বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে। আজকের খুদে গবেষকদের মধ্য থেকেই আগামী দিনের বিজ্ঞানী তৈরি হবে।
৩১৮ শিক্ষার্থীর অংশগ্রহণসম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সপ্তম থেকে দশম শ্রেণির ৩১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। তারা ১২৮টি গবেষণাপত্র, ধারণাপত্র ও পোস্টার উপস্থাপন করে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর পরিকল্পনা সম্পাদক আসজাদুল কিবরিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রথম দর্পণ,ডেস্ক