ফুলবাড়ীতে ভোরের কুয়াশা-শিশিরে আগাম শীতের আভাস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৯ দুপুর
  • ২৭১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভোরের কুয়াশা ও শিশিরে মিলছে আগাম শীতের বার্তা। গভীর রাতে তাপমাত্রা কমে আসার পাশাপাশি সকালজুড়ে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। আমন ধানের পাতা, কচুপাতা ও দুর্বা ঘাসে জমে থাকা শিশিরকণাও জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের।

সীমান্তঘেঁষা এ উপজেলায় দিনের বেলায় এখনো তীব্র রোদ ও গরম অনুভূত হচ্ছে। তবে রাত গভীর হলেই বাড়ছে শীতের অনুভূতি। গভীর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত অনেক এলাকায় কুয়াশা দেখা যাচ্ছে। রাতে বৈদ্যুতিক পাখা চালানোর প্রয়োজন হলেও শেষরাতে ঠান্ডা বাড়ায় তা বন্ধ করে দিতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ব্যস্ত লেপ-তোশকের কারিগর

শীতের আগমনী বার্তায় এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। লেপ-তোশক তৈরির কারিগররা ব্যস্ত হয়ে উঠেছেন। শীত মৌসুমকে সামনে রেখে পুরোনো লেপ-তোশক মেরামত ও নতুন করে তৈরির প্রস্তুতি চলছে।

অন্যদিকে শীতকালীন আগাম সবজি চাষেও ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়ার পরিবর্তনকে কাজে লাগিয়ে অনেকে আগাম সবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন।

রাতের ঠান্ডা, সকালে কুয়াশা

স্থানীয়রা জানান, দিনের বেলায় রোদের তীব্রতা থাকলেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। ভোরে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। দুর্বা ঘাস, কচুপাতা ও আমন ধানের পাতায় জমে থাকা শিশিরকণা সকালে ঝলমল করতে দেখা যাচ্ছে।

স্থানীয় সচেতন ব্যক্তি আব্দুল্লাহ মিয়া লাল বলেন, শীত আসতে এখনো প্রায় দুই মাস বাকি। কিন্তু গভীর রাতে ঠান্ডা ও সকালে কুয়াশার উপস্থিতি জানান দিচ্ছে, ফুলবাড়ীর জনপদে আগাম শীতের পদধ্বনি শুরু হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad