নিহত আব্দুস সালাম লবণচরা থানার নিজ খামার এলাকার বাসিন্দা। তিনি মেসের আহম্মেদের ছেলে এবং কেসিসির চালক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কেসিসির চালক আব্দুল বারেক গ্যারেজ থেকে একটি ময়লার কনটেইনারবাহী গাড়ি বের করছিলেন। এ সময় পাশে থাকা অপর একটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন আব্দুস সালাম। গাড়িটি বের করার সময় তিনি দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন।
তার চিৎকার শুনে গ্যারেজে থাকা লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেসিসির যান্ত্রিক শাখার উপসহকারী প্রকৌশলী সেলিমুল আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে জানতে পারেন, কেসিসির চালক আব্দুল বারেক ময়লার কনটেইনারবাহী গাড়িটি গ্যারেজ থেকে বের করার সময় পাশে থাকা চালক আব্দুস সালাম চাপা পড়েন। নিহত আব্দুস সালাম ও গাড়িচালক আব্দুল বারেক দুজনই কেসিসির চালক পদে কর্মরত।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক