দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে হত্যাকাণ্ড বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, এতে নাগরিকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
দোকানে বসে থাকা অবস্থায় গুলিতে হত্যাবিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া বাজারে একটি দোকানে বসে ছিলেন বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকির। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে গুলি করে হত্যা করে।
জামায়াতের এই নেতা হত্যাকাণ্ডটিকে পরিকল্পিত বলে ধারণা প্রকাশ করেন। তাঁর মতে, এ ঘটনা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাঝুঁকির বিষয়টি সামনে এনেছে।
তদন্ত ও বিচারের দাবিবিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।
এ ছাড়া নিহত সাংবাদিকের মাগফিরাত কামনা করেন জামায়াতের এই নেতা। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক