শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থল থেকে দুই নারী ও এক পুরুষের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও দুই শিশুর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর নাম রিশাদ ও তুবা। তাদের বাবার নাম শহিদুল ইসলাম। নিহত দুই নারীর একজন শিশু দুটির মা লিপি, অন্যজন তাদের খালা শরিফা। তাঁরা উপজেলার চতলাকান্দা গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, এ পর্যন্ত দুর্ঘটনায় নিহত পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। নিহত অপর ব্যক্তি পুরুষ; তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোরিকশাচালক বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ ও বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক