আসন্ন ঈদে নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের বিশেষ প্রস্তুতি
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ নৌ পুলিশ। এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম। সভায় নৌপথে যাত্রী চলাচল নিরাপদ রাখা, পণ্য ও পশুবাহী নৌযানের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় নৌ পুলিশের পক্ষ থেকে লঞ্চ ও নৌযানে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন রোধ, স্পিডবোট ও বাল্কহেড চলাচলে নজরদারি, চাঁদাবাজি প্রতিরোধ, নদীতীরবর্তী পশুর হাটের নিরাপত্তা এবং পশুর চামড়া পরিবহনের বিষয়ে প্রয়োজনীয় করণীয় তুলে ধরা হয়। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান পরিচালনা এবং টার্মিনালের বাইরে যাত্রী ওঠানামা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নৌপথে টহল ও নজরদারি বাড়ানো হবে। যাত্রী ও পণ্য পরিবহনে যেন কোনো ধরনের হয়রানি, চুরি বা চাঁদাবাজি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল নিশ্চিত করতে হবে এবং অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে বিরত থাকতে হবে। তিনি নৌ পুলিশের সংশ্লিষ্ট অঞ্চলের সিনিয়র কর্মকর্তাদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেন। একই সঙ্গে ত্রুটিপূর্ণ নৌযান যাতে নদীতে চলাচল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশনা দেন তিনি।
সভায় নৌপথ-সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কর্মকর্তাসহ নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ