ঢামেকে আহত চিকিৎসক ডা. নাসিরকে দেখতে জামায়াত আমির
‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও সরকার তা স্বীকার করছে না। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর সব সরকারই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি করে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসির ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি সত্যিই ভালো হতো, তাহলে মানুষ ঘরে-বাইরে কিংবা কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগত না। বর্তমানে দেশের মানুষ উদ্বেগ ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে।”
তিনি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হলে চিকিৎসাসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব পুরো জনগণের ওপর পড়বে।
এর আগে জামায়াত আমির হাসপাতালে গিয়ে আহত ডা. নাসির ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। পরে ডা. নাসির ইসলামের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি শামসুর রহমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. এম জি ফারুক হোসেনসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত এক রোগীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার আগেই রোগীর মৃত্যু হয়। পরে চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে নিহতের স্বজন ও বহিরাগতদের হামলায় গুরুতর আহত হন ডা. নাসির ইসলাম। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ