৪ মাসেই মন্ত্রিসভা ছাড়লেন দীপেন দেওয়ান, প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের চার মাস পূর্ণ হওয়ার আগেই মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, পদত্যাগপত্রে দীপেন দেওয়ান ব্যক্তিগত শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। স্বাস্থ্যগত কারণে মন্ত্রীর দায়িত্ব যথাযথভাবে পালন করা কঠিন হয়ে পড়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।
সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই একজন মন্ত্রীর পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে সরকার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক কারণ নয়, বরং শারীরিক অসুস্থতাই প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা পরবর্তী করণীয় সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে পদত্যাগপত্র গ্রহণ এবং শূন্য হওয়া মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন নিয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ