রামপুরার আলোচিত তিন হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ পাঁচজনের রায় আজ

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৭ জুন ২০২৬, ০৭:৫১ বিকাল
  • ২৪৭৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই বিপ্লব চলাকালে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং মায়া ইসলাম ও মো. নাদিমকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ (রোববার) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া এবং সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার।

এদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার কারাগারে থাকলেও বাকি চারজন পলাতক। রায় ঘোষণার সময় চঞ্চল চন্দ্র সরকারকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

মামলার প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আসামি নিজেই স্বীকার করেছেন যে তিনি গুলি করেছিলেন। একজন মানুষ প্রাণ বাঁচাতে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে ছিলেন, সেই অবস্থায় তাকে নির্মমভাবে গুলি করা হয়। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব সাক্ষ্য-প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে এবং সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানিয়েছেন, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি পঞ্চম রায়। রায় ঘোষণার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন।

এর আগে গত ১৫ জুন প্রসিকিউশন ও আসামিপক্ষের দ্বিতীয় দফার যুক্তিতর্ক শেষ হয়। ওইদিন আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। অপরদিকে, প্রধান প্রসিকিউটর পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল ২৮ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

গত ১০ জুন চঞ্চল চন্দ্র সরকার পুনরায় সাফাই সাক্ষ্য দেন। জবানবন্দিতে তিনি এক প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগও তোলেন। এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি তিনি প্রথম দফায় সাক্ষ্য দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ মামলার রায় ঘোষণার কথা থাকলেও নতুন ডিজিটাল আলামত উপস্থাপনের জন্য প্রসিকিউশনের আবেদনের পর রায় স্থগিত করা হয়। পরে প্রথম সাক্ষী আমির হোসেনকে পুনরায় সাক্ষ্য দিতে হয়।

গত বছরের ২৩ অক্টোবর প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad