সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব-৯-এর যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৮ জুন) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র ও বিস্ফোরক বাংলাদেশে এনে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় মজুত রাখা হয়েছে।
তথ্যের সত্যতা যাচাই ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে শনিবার (২৭ জুন) রাত প্রায় ১০টার দিকে ১৯ বিজিবি ও র্যাব-৯-এর সমন্বয়ে একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। জকিগঞ্জ ব্যাটালিয়নের বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়।
অভিযান শেষে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার, অস্ত্র ও বিস্ফোরকের অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক ও অন্যান্য চোরাচালান দমনে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক তৎপরতার ফলেই এ ধরনের অবৈধ চালান উদ্ধার ও প্রতিহত করা সম্ভব হচ্ছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

প্রথম দর্পণ,ডেস্ক