ডিজিটাল যোগাযোগে আরও সক্রিয় হতে তথ্য কর্মকর্তাদের নির্দেশ তথ্যমন্ত্রীর

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, ০৮:২৪ রাত
  • ২০৫৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সমন্বিত করতে হবে। সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ের তথ্য কর্মকর্তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগ মোকাবিলা-সংক্রান্ত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলা করে তথ্যপ্রবাহকে পরিচ্ছন্ন, নির্ভুল ও বিশ্বাসযোগ্য রাখা তথ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি বলেন, বর্তমান সময়ে তথ্য মানুষের জীবনে অক্সিজেনের মতো অপরিহার্য। তাই জনগণের কাছে দ্রুত ও সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জেলা তথ্য কর্মকর্তাদের তথ্য সংগ্রহ, প্রতিবেদন প্রেরণ এবং জনগণের সঙ্গে যোগাযোগের পুরো প্রক্রিয়াকে আধুনিক ডিজিটাল ব্যবস্থার আওতায় আনাই সময়ের দাবি। অতীতে প্রজেক্টর ও প্রচারযানের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হলেও বর্তমান বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ আধুনিক যোগাযোগ প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।

মন্ত্রী সতর্ক করে বলেন, সরকারের বিভিন্ন কার্যক্রম সময়মতো জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরা না গেলে সরকার ও জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে এবং এতে অপপ্রচার ও বিভ্রান্তির সুযোগ তৈরি হয়।

তিনি দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য অধিদপ্তর (পিআইডি)-কে যৌথভাবে প্রতিদিন তথ্য সংগ্রহ, সমন্বয় ও প্রচারের নির্দেশনা দেন।

সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, তথ্য মন্ত্রণালয়ের অনেক কার্যক্রম দৃশ্যমান না হলেও এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ-সংক্রান্ত তথ্য নিয়মিত হালনাগাদ রাখতে একটি অনলাইন ড্যাশবোর্ড বা ডিজিটাল পোর্টাল চালুর ওপর তিনি গুরুত্বারোপ করেন, যাতে সংশ্লিষ্ট সবাই যেকোনো সময় সর্বশেষ তথ্য জানতে পারেন।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন জেলার তথ্য কর্মকর্তারা অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad