নির্ভুল আবহাওয়া পূর্বাভাসই নিরাপদ বাংলাদেশের চাবিকাঠি: প্রতিরক্ষা উপদেষ্টা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, ১০:৪২ রাত
  • ৯৮৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নির্ভুল ও সময়োপযোগী আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে জীবন, সম্পদ এবং জাতীয় অর্থনীতিকে সুরক্ষিত রেখে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। পরিদর্শনের সময় দেশের আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাস প্রস্তুত, ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা প্রদান এবং জরুরি আবহাওয়া তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার চলমান কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পূর্বাভাস তৈরির বিভিন্ন ধাপ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পদ্ধতি তুলে ধরেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা ঝড় সতর্কীকরণ কেন্দ্র, পূর্বাভাস বিভাগ, কৃষি আবহাওয়া, জলবায়ু বিভাগ, ভূমিকম্প পর্যবেক্ষণাগার, ওয়ার্কশপ এবং গবেষণাগার ঘুরে দেখেন। এ সময় তিনি দায়িত্বে নিয়োজিত আবহাওয়াবিদ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, দ্রুত, সহজবোধ্য ও নির্ভরযোগ্য ভাষায় আবহাওয়ার সতর্কবার্তা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নির্ভুল আবহাওয়া পূর্বাভাস শুধু বৈজ্ঞানিক তথ্য নয়, এটি মানুষের জীবন রক্ষা, কৃষি উৎপাদন, নদী ও সমুদ্রপথে নিরাপদ চলাচল, খাদ্য নিরাপত্তা এবং জাতীয় অর্থনীতি সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

ড. শামছুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, বজ্রপাত, তাপপ্রবাহ ও আকস্মিক বন্যার ঝুঁকি দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আবহাওয়া অধিদপ্তরকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। একই সঙ্গে পূর্বাভাসের মান উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষ যেন সতর্কবার্তার অর্থ সহজেই বুঝতে পারে, সে বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা, ভূমিকম্প পর্যবেক্ষণ যন্ত্রপাতির সক্ষমতা বৃদ্ধি এবং মোবাইলভিত্তিক সতর্কবার্তা সেবা সম্প্রসারণের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর চেয়ারম্যান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad