চাকসু-সিনেট নির্বাচনের তফসিল ঘোষণাসহ ছাত্রশিবিরের পাঁচ দফা দাবি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ বিকাল
  • ১৯৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও সিনেট নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল দ্রুত ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসন নিশ্চিত করা, আবাসন ভাতা চালু, মেধার ভিত্তিতে অটোমেশন পদ্ধতিতে হলের সিট বণ্টন এবং পরিবহন ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ছাত্রশিবিরের নেতারা। সংবাদ সম্মেলনে সম্প্রতি ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হলের সিট দখলের অপচেষ্টা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিট বরাদ্দের অভিযোগও করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, সেক্রেটারি মুহাম্মদ হাবিবুল্লাহ খালেদ, অফিস ও পরিকল্পনা সম্পাদক রবিউল ইসলাম, অর্থ ও ছাত্রকল্যাণ সম্পাদক ইসহাক ভূঁঞা এবং আন্তর্জাতিক ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবিবসহ সংগঠনের নেতারা।

ছাত্রশিবির নেতারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হলেও প্রায় ছয় দশক পরও ২০ শতাংশের কম শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ফলে অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের আশপাশের কটেজ, মেস ও শহরে অতিরিক্ত ভাড়া দিয়ে থাকতে হচ্ছে।

তারা আগামী তিন দিনের মধ্যে শতভাগ আবাসন নিশ্চিত করার সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানান। পাশাপাশি শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুরও দাবি করেন।

হলের সিট বণ্টনে রাজনৈতিক প্রভাব ও সুপারিশ বন্ধের দাবি জানিয়ে নেতারা বলেন, সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় সিট বরাদ্দ করতে হবে। কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সিট বরাদ্দের সুযোগ রাখা যাবে না। একই সঙ্গে সিট বণ্টনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানান তারা।

সম্প্রতি সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের সঙ্গে ছাত্রদলের নেতাদের বিরোধের প্রসঙ্গ তুলে ধরে ছাত্রশিবির নেতারা বলেন, বিষয়টি তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিট বরাদ্দের চেষ্টা চলছে।

পরিবহন সংকট নিরসনে শাটল ট্রেনের বগি ও সক্ষমতা বাড়ানো, পর্যাপ্ত বাস সংযোজন, প্রয়োজনীয় রুটে বাসের সংখ্যা বৃদ্ধি এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর দাবিও জানানো হয়।

পাঁচ দফা দাবি

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—শতভাগ আবাসন নিশ্চিত করা, আবাসন ভাতা চালু, পরিবহন ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার, অটোমেশন পদ্ধতিতে স্বচ্ছ ও মেধাভিত্তিক সিট বণ্টন এবং অবিলম্বে চাকসু ও সিনেট নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা।

ছাত্রশিবির নেতারা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে দ্রুত চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহিমূলক ও শিক্ষার্থীবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান তারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad