ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় দুই দেশের মধ্যে বিশেষ করে স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মালয়েশিয়ার হাইকমিশনার দেশটির চিকিৎসা খাতের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, একসময় কম্বোডিয়ার রোগীরা চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতেন। বর্তমানে তারা মালয়েশিয়ায় চিকিৎসা নিতে বেশি আগ্রহী। এর অন্যতম কারণ হিসেবে তিনি মালয়েশিয়ায় চিকিৎসাসেবা ও ওষুধের দাম নির্ধারিত থাকা এবং অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক কম খরচের কথা উল্লেখ করেন।
বাংলাদেশি রোগীদের জন্যও মালয়েশিয়া চিকিৎসার একটি ভালো গন্তব্য হতে পারে বলে মন্তব্য করেন মোহাম্মদ শুহাদা ওসমান। তিনি জানান, মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের মাধ্যমে আগ্রহী বাংলাদেশিরা চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা নিতে পারবেন।
সাক্ষাতে বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার চিকিৎসাব্যবস্থার প্রশংসা করে বলেন, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের দক্ষতা আরও বাড়াতে মালয়েশিয়ায় কিডনি, লিভার ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের মতো জটিল চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।
দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে এ ধরনের সহযোগিতা জোরদার হলে চিকিৎসাসেবা, বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে পারস্পরিকভাবে উপকৃত হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রথম দর্পণ,ডেস্ক