রাজধানীর ইস্কাটনে ছিনতাইকারীর পিছু নিয়ে প্রায় আধা কিলোমিটার দৌড়ে এক ছিনতাইকারীকে ধরে ফেলেছেন দৈনিক আমার দেশের সাংবাদিক জিয়াউল হক মিজান। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। তবে ছিনতাই হওয়া আইফোনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন আসামি হেফাজতে রয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক জিয়াউল হক মিজান বলেন, পেশাগত কাজে খিলগাঁওয়ের বাসা থেকে রিকশাযোগে বাংলামোটরের দিকে যাচ্ছিলেন তিনি। মগবাজার মোড়ের ট্রাফিক সিগন্যাল পার হওয়ার পর ডান পাশ দিয়ে একটি মোটরসাইকেল ক্রস করে যাওয়ার সময় পেছনের আসনে থাকা ব্যক্তি তাঁর হাত থেকে আইফোন-১২ প্রো ম্যাক্স ছিনিয়ে নেন।
তিনি বলেন, ওই সময় সড়ক কিছুটা ফাঁকা থাকায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে বাংলামোটরের দিকে চলে যেতে থাকে। তিনি রিকশা থেকে নেমে ‘ধর ধর’ বলে চিৎকার করতে করতে ছিনতাইকারীদের পিছু নেন। একপর্যায়ে প্রায় আধা কিলোমিটার দৌড়ে মোটরসাইকেলটি থামিয়ে ছিনতাইকারীকে ধরে ফেলেন।
জিয়াউল হক মিজানের ভাষ্য, এ সময় সড়কে অনেক মানুষ থাকলেও ছিনতাইকারীদের ধরতে কেউ এগিয়ে আসেননি।
পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল ৪৩-১১২৪। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলের পেছনে থাকা ছিনতাইকারী সেটি থেকে নেমে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যাওয়ায় আইফোনটি এখনো উদ্ধার করা যায়নি। পুলিশ ফোনটি উদ্ধারের চেষ্টা করছে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)