নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পথচারী ও এক লেগুনাযাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন হারাধন চন্দ্র দত্ত (৪৫) ও শাহাদাত হোসেন (৩৫)। পৃথক দুর্ঘটনায় লেগুনার আরও এক যাত্রী আহত হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শিমরাইল-চাষাঢ়া সড়কে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি তেলবাহী লরির ধাক্কায় হারাধন চন্দ্র দত্ত নিহত হন। তিনি ওই এলাকার প্রাণভল্লব মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার পশ্চিম মাঝিঘাট এলাকায়। তিনি ভারত চন্দ্র দত্তের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম রেজা জানান, ময়নাতদন্তের জন্য হারাধনের লাশ নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যদিকে শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সানারপাড় এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে একটি লেগুনা ধাক্কা দিলে লেগুনার যাত্রী শাহাদাত হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় লেগুনার আরও এক যাত্রী আহত হয়েছেন।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন জানান, দুর্ঘটনার পর লেগুনার চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও লেগুনা উদ্ধার করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে। নিহত শাহাদাত হোসেনের বিস্তারিত পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)