নিহতরা হলেন—নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা, একই এলাকার এনায়েতের ছেলে নয়ন এবং আজগর শেখের ছেলে সজীব শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নগরকান্দা থেকে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে আসেন। ফ্লাইওভারের নিয়নবাতির রাতের সৌন্দর্য উপভোগ শেষে তারা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় চালক চয়ন মোল্লাসহ তিনজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই চয়নের মৃত্যু হয়। গুরুতর আহত হন নয়ন ও সজীব।
খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ স্থানীয়দের সহায়তায় চয়নের মরদেহ উদ্ধার করে। আহত নয়ন ও সজীবকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই জরুরি ভিত্তিতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক আখতার হোসেন।
পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন। পথে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপরজনও।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)