শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের শেখ হাসিনা আশ্বস্ত করতেন, তাঁদের ফিরিয়ে দেওয়া হবে। অথচ তিনি নিজেই জানতেন, গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন।
তিনি বলেন, ‘এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন। জনগণ তখন বিষয়টি বুঝতে পারেনি। এখন জনগণের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিষয়গুলো জনগণের কাছে প্রমাণিত হয়েছে।’
হাফিজ উদ্দিন আহমদের অভিযোগ, শেখ হাসিনা নিজেই গুমের নির্দেশদাতা ছিলেন।
১৭ বছরের কৃতকর্মের কারণে দেশ ছেড়েছেনস্পিকার বলেন, ১৭ বছরের কৃতকর্মের কারণে ‘কুখ্যাত নেত্রী’ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। প্রধান বিচারপতিও পালিয়েছেন। বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছেন। গত ১৭ বছরে যে যে পদে ছিলেন, তাঁদের অনেকেই পালিয়েছেন। ক্যান্টনমেন্টে ৬০০ পুলিশ কর্মকর্তা আশ্রয় নিয়েছেন বলেও তিনি দাবি করেন।
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারকে খুশি করতে এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য পুলিশ বিভিন্ন থানায় সারা দেশের মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন করেছে। এ কারণে প্রধানমন্ত্রী থেকে শুরু করে পিয়ন-চাপরাশি পর্যন্ত অনেকে পালিয়ে গেছেন।
তিনি বলেন, ‘পুলিশের এক আইজিপি বেনজীর আহমেদের কাহিনি কিছুদিন আগে আপনারা দেখেছেন। সে কত বড় চোর? বাংলাদেশের জায়গাজমির একটা বিরাট অংশ সে নিজের স্ত্রী, পুত্র ও কন্যার নামে লিখে নিয়েছে। বনাঞ্চল নিজের দখলে নিয়ে নিয়েছে। তার কত বাড়িঘর, তা সীমাহীন।’
রাজনীতির নামে লুটপাটের অভিযোগআওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সম্পদ গড়ার অভিযোগ তুলে স্পিকার বলেন, আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে যারা বিনা ভোটে তথাকথিত এমপি ছিলেন, তাঁদের কত বাড়িঘর রয়েছে, তা আল্লাহ-মাবুদ জানেন। গ্রাম, ঢাকা ও বিদেশের বিভিন্ন জায়গায় তাঁদের বিপুল সম্পদ রয়েছে।
তিনি আরও বলেন, ‘রাজনীতি করার নামে এসব সম্পদ করেছেন তাঁরা। একের পর এক আসে আর লুটপাট করে চলে যায়। বাংলাদেশের রাজনীতিবিদদের এ কারণেই মানুষ দেখতে পারে না।’
সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি ছাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক