পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সেমিনার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ বিকাল
  • ৪৫১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘হায়ার স্টাডি অ্যান্ড এক্সচেঞ্জ অপরচুনিটিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস’ শীর্ষক এ সেমিনারে যুক্তরাষ্ট্রে পড়াশোনার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া, বৃত্তি ও শিক্ষার্থী ভিসাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলনকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও এডুকেশনইউএসএ-এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। এ ছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল আমিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর সোহেল ইকবাল। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক আবুল বাশার খান। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

উচ্চশিক্ষার প্রস্তুতির পাঁচ ধাপ

সেমিনারে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এডুকেশনইউএসএর পক্ষ থেকে উচ্চশিক্ষার প্রস্তুতির পাঁচটি ধাপ তুলে ধরা হয়।

ধাপগুলো হলো—নিজের অগ্রাধিকার নির্ধারণ করে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই, পড়াশোনার ব্যয় নির্বাহে বাজেট প্রণয়ন ও বৃত্তির সুযোগ খোঁজা, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা, শিক্ষার্থী ভিসার জন্য আবেদন এবং যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া।

এ ছাড়া ঢাকার বারিধারায় অবস্থিত আমেরিকান সেন্টারের মাধ্যমে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ সম্পর্কেও শিক্ষার্থীদের জানানো হয়।

‘আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্ত হতে সহায়তা করবে’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও এডুকেশনইউএসএর এ উদ্যোগ পবিপ্রবির শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের মেলে ধরতে এবং বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞান ও আধুনিক সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় কাজ করছে। সেমিনারটি সেই লক্ষ্য অর্জনে একটি সময়োপযোগী পদক্ষেপ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পবিপ্রবির একাডেমিক কার্যক্রমকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও এডুকেশনইউএসএর সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বিনিময় কর্মসূচি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে উত্তর ও পরামর্শ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad