বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ন্যায্য দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ। ঢাকা থেকে রংপুর লংমার্চ চলাকালে পথে পথে মানুষ হাত নেড়ে এক আঙুল উঁচিয়ে এক দফার সমর্থন জানিয়েছে। আপনারা চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ মোড়ে লংমার্চ পৌঁছালে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকার যদি অবিলম্বে আমাদের উত্থাপিত ৮ দফা দাবি মেনে নেয়, তবে আলহামদুলিল্লাহ। আর যদি দাবি মানা না হয়, তবে এই সরকার পতনের লক্ষ্যে এক দফা আন্দোলনের ডাক দেওয়া হবে। তখন সিরাজগঞ্জসহ সারা দেশের মানুষকে ঢাকার অভিমুখে আসার প্রস্তুতি নিতে হবে।
লংমার্চ চলাকালে আয়োজিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম খান (এমপি), এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এবং খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ আন্দোলনরত ১১টি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে জোট নেতারা অভিযোগ করে বলেন, বর্তমান বিএনপি সরকারও পূর্ববর্তী সরকারের মতো ভারতের দাসত্ববাদী নীতি অনুসরণ করছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটিই সরকার বাস্তবায়ন করেনি বিশেষ করে গণভোটের কাঙ্ক্ষিত রায় মেনে নিতে টালবাহানা করছে।
নেতারা স্পষ্ট করে বলেন, আমরা সরকারকে কেবল বিপদে ফেলার জন্য এই লংমার্চ করছি না। তবে সরকার যদি অতি দ্রুত জনদাবি মেনে না নেয়, তবে আগামীকাল থেকে আমাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর রূপ নেবে।
লংমার্চ উপলক্ষে আয়োজিত এই বিশাল পথসভায় সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে আন্দোলনরত ১১টি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ