রাজশাহী রেলস্টেশনের স্টেশনমাস্টার জানান, সকাল থেকে সব ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। তবে রাতে দেরিতে রাজশাহীতে পৌঁছানোর কারণে ‘মধুমতি এক্সপ্রেস’-এর সকালের যাত্রায় কিছুটা বিলম্ব হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত স্টেশন প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
শিক্ষার্থীকে মারধরের অভিযোগএর আগে রোববার রাতে নিজের চাচাকে নিতে রাজশাহী রেলস্টেশনে গেলে রেলওয়ে কর্মীদের মারধরের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী।
ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্টেশন ঘেরাও ও ভাঙচুরঅবরোধের পরও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ না আসায় শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি ঘোষণা করেন। পরে তারা মিছিল নিয়ে স্টেশনে গিয়ে তা ঘেরাও করেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্টেশন এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। রাতভর উত্তপ্ত পরিস্থিতির পর সোমবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একই সঙ্গে স্বাভাবিক হয় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)