মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ১ অক্টোবর এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে জারি করা এক স্মারকে গণবিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখাকে অনুরোধ করা হয়। স্মারকটিতে স্বাক্ষর করেন উপসচিব হরিদাস ঠাকুর।
নির্ধারিত সময়ের পর আবেদন নয়গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আগ্রহী ব্যক্তিদের ৭ অক্টোবরের মধ্যে আবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য এর আগে বিভিন্ন সময়ে আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আবেদনকারীর মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে নির্ধারিত প্রক্রিয়ায় গেজেটভুক্তির বিষয়টি নিষ্পত্তি করা হয়।
এ ক্ষেত্রে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও সংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামোর মাধ্যমে আবেদন যাচাই-বাছাইয়ের বিধান রয়েছে।
নতুন করে গেজেটভুক্তির সুযোগ ও আবেদনের সময়সীমা নিয়ে দীর্ঘদিন ধরে আগ্রহী ব্যক্তিদের মধ্যে আলোচনা চলছিল। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় আবেদনের সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে।
মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল এবং সংশ্লিষ্ট নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক