ইন্দোনেশিয়ায় দুর্ঘটনায় গুরুতর আহত নুসরাত, মুম্বাইয়ে অস্ত্রোপচার

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ বিকাল
  • ৪১৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে বলে জানা গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার (২ অক্টোবর) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়েছে।

জানা গেছে, একটি কাজ শেষ করে ছুটি কাটাতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানেই দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাঁকে বালির একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার গুরুত্ব বিবেচনায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে মুম্বাইয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফেরানোর পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে। তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে।

নুসরাতের টিম জানিয়েছে, এই মুহূর্তে তাঁর শারীরিক সুস্থতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন হওয়ায় পুরোপুরি সুস্থ হতে তাঁর বেশ কিছুটা সময় লাগতে পারে।

তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে নুসরাতের টিমের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ আগেও বালি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছিলেন নুসরাত। সেখানে ভ্রমণের আগ্রহ প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘মাথায় শুধু বেড়ানো ঘুরছে। এর পর কোথায় যাওয়া যায়?’

এদিকে অভিনেত্রী নুসরাত ভারুচার নতুন একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে। রেমো ডি’সুজা পরিচালিত ওই সিনেমায় তাঁর সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করবেন টাইগার শ্রফ। নুসরাতের বর্তমান শারীরিক অবস্থার কারণে সিনেমাটির শুটিং পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নুসরাতের। পরে ‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। ‘প্যায়ার কা পঞ্চনামা’ সিনেমা তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এরপর ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ ও ‘সোনু কি টিটু কি সুইটি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad