উদ্ধার করা জমিতে পর্যটকদের সুবিধার্থে একটি আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে স্থানীয় প্রশাসন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর পারকি সৈকতের পার্কিং এলাকার আশপাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার করা এই সরকারি জমি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. এরফান অবৈধভাবে দখল করে মাছ চাষ করে আসছিলেন।
এ বিষয়ে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ২৪ একর সরকারি খাসজমি উদ্ধার করে ইতোমধ্যে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। পারকি সমুদ্রসৈকতে আসা দর্শনার্থী ও পর্যটকদের যানবাহনের জন্য উদ্ধার করা জমিতে আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আনোয়ারার প্রধান পর্যটনকেন্দ্র পারকি সমুদ্রসৈকতে ছুটির দিনগুলোতে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। তবে স্থান সংকুলান না হওয়ায় যানবাহন পার্কিং নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হতো। উদ্ধারকৃত জমিতে পরিকল্পিত পার্কিং ব্যবস্থা চালু হলে পর্যটকদের ভোগান্তি কমার পাশাপাশি সৈকতের সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে। তবে এই খাসজমি যেন পুনরায় হাতছাড়া বা বেদখল না হয়, সে জন্য প্রশাসনের ধারাবাহিক ও কার্যকর নজরদারি বজায় রাখার দাবি জানিয়েছেন তারা।

প্রথম দর্পণ,ডেস্ক