সাতক্ষীরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শিক্ষক আটক
সাতক্ষীরার সদর উপজেলায় শ্রেণিকক্ষে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক শিক্ষক গৌরাঙ্গ সরকার ওই বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তবে ঘটনাটি ঘটে গত রোববার (১৭ মে) নবম শ্রেণির একটি গণিত ক্লাসে।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস চলাকালে শিক্ষক ফজরের আজান ও মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে গিয়ে শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চান। একপর্যায়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত শিক্ষক গৌরাঙ্গ সরকারের দাবি, তিনি ক্লাসে ভারতের রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারীসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় অসাবধানতাবশত কিছু মন্তব্য করে ফেলেন। পরে নিজের ভুল বুঝতে পেরে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান বলেও জানান তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, শিক্ষক গৌরাঙ্গ সরকার বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ