ঢাকায় ৮০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ ঝড়ের শঙ্কা
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় রাজধানীর কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টি বা বজ্রঝড়ের সময় পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সোমবার এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

প্রথম দর্পণ,ডেস্ক