মিরপুরে অস্ত্র-গুলিসহ ‘শুটার জাকির’ গ্রেপ্তার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ রাত
  • ৬৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর মিরপুর থেকে বিদেশি পিস্তল, রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার শুটার জাকিরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিবি জানায়, জাকিরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি, একটি কালো রঙের বিদেশি রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা দুই রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জাকির দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিলেন। তিনি পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শুটার হিসেবে ওই এলাকায় সক্রিয় ছিলেন।

ডিবির কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে জাকির কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে মিরপুরে কার্যক্রম চালাতেন। জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে তিনি কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানায়, গত ৭ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে মিরপুর মডেল থানার সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজুকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়।

ওই ঘটনার পর জাকির পালিয়ে যেতে সক্ষম হন। তবে তার সহযোগী শুটার মো. কাওছার ভুঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মামলা হত্যার উদ্দেশ্যে হামলা ও গুরুতর আঘাতের অভিযোগে এবং অপরটি অস্ত্র আইনে দায়ের করা হয়। মামলা দুটির তদন্ত বর্তমানে মিরপুর মডেল থানা পুলিশ করছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad