বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীরা। তাদের কঠোর পরিশ্রমে অর্জিত রেমিট্যান্স দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের ব্যক্তিগত ত্যাগ ও সংগ্রামের গল্প অনেক সময় অজানাই থেকে যায়।
বৃহস্পতিবার (৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “কিছু মানুষের জীবনের গল্প কোনোদিন কোনো উপন্যাসে লেখা হয় না। আমাদের দেশের প্রবাসীরা হলেন ঠিক সেই রকম একদল মানুষ। যাদের পাঠানো রক্ত-ঘামে অর্জিত রেমিট্যান্সে দেশের চাকা ঘোরে, অথচ তাদের নিজেদের জীবন কেটে যায় অন্তহীন ত্যাগের আবরণে ঢাকা পড়ে।”
তিনি বলেন, প্রবাসজীবনে অসুস্থতা, একাকীত্ব ও পারিবারিক বিচ্ছিন্নতার মতো কঠিন বাস্তবতার মধ্য দিয়েও তারা পরিবারের সদস্যদের হাসিমুখে আশ্বস্ত করার চেষ্টা করেন। বছরের পর বছর ঈদ-পার্বণ ও পারিবারিক আনন্দ-অনুষ্ঠান থেকে দূরে থাকতে হয় তাদের। অনেকেই নিজের সন্তানদের বেড়ে ওঠা কিংবা বাবা-মায়ের শেষ বিদায়ের মুহূর্তেও পাশে থাকতে পারেন না।
জামায়াত আমির আরও বলেন, দিন-রাত কঠোর পরিশ্রম আর নানা প্রতিকূলতা সহ্য করে প্রবাসীরা শুধু নিজেদের পরিবার নয়, দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছেন। তাদের এই নীরব আত্মত্যাগ একদিন দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন ও সমৃদ্ধির ভিত্তি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, “সুদূর পরবাসে জমা হওয়া তাঁদের নীরব ত্যাগের সহযাত্রী হয়ে আমরা হাতে হাত রেখে, পারস্পরিক মমতা ও ঐক্যের বন্ধনে গড়ে তুলব আমাদের বহু প্রতীক্ষিত স্বপ্নের সোনার বাংলাদেশ।”
তিনি দেশবাসীর কল্যাণ ও একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ