বিশ্ববাজারে টিকে থাকতে টেকসই উৎপাদনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • মোঃ জাকির হোসাইন,সম্পাদক
  • আপলোড সময় : ০৮ জুন ২০২৬, ১০:৩৯ রাত
  • ১৫৫৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখতে দেশের শিল্পখাতে টেকসই ও উদ্ভাবনী উৎপাদন পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৯ জুন) পালিতব্য বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পণ্য ও সেবার নিরাপত্তা, গুণগত মান এবং নির্ভরযোগ্যতার গুরুত্ব তুলে ধরে। ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) এবং ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইএলএসি) প্রতি বছর ৯ জুন দিবসটি পালন করে থাকে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে উদ্ভাবন, আস্থা ও টেকসই উন্নয়ন পরস্পর সম্পর্কযুক্ত এবং অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ ভিত্তি। এ প্রেক্ষাপটে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) উদ্যোগে দিবসটি উদযাপন সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

তারেক রহমান বলেন, বর্তমানে ভোক্তারা শুধু পণ্যের মান নয়, উৎপাদন প্রক্রিয়ার নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশগত প্রভাবও বিবেচনায় নিচ্ছেন। ফলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে শিল্পখাতে টেকসই ও আধুনিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য।

তিনি আরও বলেন, অ্যাক্রেডিটেশন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাননিয়ন্ত্রণ ব্যবস্থা, যা নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে পণ্য ও সেবার গুণগত মান যাচাই করে। এটি কেবল একটি সনদ নয়, বরং দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার কার্যকর হাতিয়ার।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মাধ্যমে দেশের পণ্য ও সেবার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত সংস্থাটি ১৬৮টি সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ দিয়েছে। বর্তমানে পাঁচটি ক্ষেত্রভিত্তিক স্কিমের আওতায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস দেশের মান অবকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং উদ্ভাবন ও টেকসই উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বাসস।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad