ভিসা বিতর্ক ও যুদ্ধের উত্তাপের মাঝেই মেক্সিকোয় ইরান দল

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৯ জুন ২০২৬, ০৬:২২ বিকাল
  • ১৬০৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই দিন বাকি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার আবহে মেক্সিকোয় পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। ভিসা জটিলতা, কূটনৈতিক টানাপোড়েন এবং আয়োজক দেশের সঙ্গে বিরূপ সম্পর্কের কারণে দলটিকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম হয়েছে।

মঙ্গলবার ভোরে তুরস্ক থেকে দীর্ঘ যাত্রা শেষে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায় পৌঁছে ইরান দল। গত প্রায় তিন সপ্তাহ তুরস্কের আনতালিয়ায় প্রস্তুতি ক্যাম্প করেছে তারা। মূলত যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিয়ে অনিশ্চয়তার কারণে শেষ মুহূর্তে নিজেদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোয় স্থানান্তর করে ইরান ফুটবল ফেডারেশন।

ইরান ফুটবল ফেডারেশনের দাবি, দীর্ঘ আলোচনার পর গত শুক্রবার খেলোয়াড়দের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা অনুমোদন করা হলেও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মকর্তা এখনো ভিসা পাননি। তাদের ভাষ্য অনুযায়ী, অন্তত ১৫ জন স্টাফকে ভিসা দেওয়া হয়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বৈষম্যমূলক আচরণের’ অভিযোগ তোলে। একই সঙ্গে বিষয়টি তদন্তে ফিফার হস্তক্ষেপ কামনা করা হয়।

বিতর্ক আরও গভীর হয়েছে মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের এক বক্তব্যকে কেন্দ্র করে। তিনি দাবি করেন, ভিসার শর্ত অনুযায়ী ইরান দলকে ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে একই দিনে ফিরে যেতে হবে। তবে জাতীয় দলের মুখপাত্র আমির মাহদি আলাভি এর আগে জানিয়েছিলেন, খেলোয়াড়দের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়া হয়েছে এবং প্রতিটি ম্যাচের এক বা দুই দিন আগে দল সংশ্লিষ্ট ভেনুতে পৌঁছাবে।

ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন কোচকে সংবাদ সম্মেলনে অংশ নিতে হয়। ফলে ম্যাচের দিনই প্রবেশ ও প্রস্থানের শর্ত কার্যকর হলে তা বিশ্বকাপের নিয়ম বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে যুক্তরাষ্ট্র প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় খেলোয়াড় ও আবশ্যকীয় সাপোর্ট স্টাফদের ভিসা দেওয়া হয়েছে। তবে যাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি। তার ভাষ্য, নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্র কোনো ঝুঁকি নিতে চায় না।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছিলেন, কিছু ব্যক্তির সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সম্পর্ক থাকার আশঙ্কা রয়েছে। আইআরজিসিকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

আগামী বৃহস্পতিবার মেক্সিকো সিটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে গ্রুপ ‘জি’-তে থাকা ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ২১ জুন একই ভেনুতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে প্রতিপক্ষ ইজিপ্ট।

বিশ্বকাপের মাঠে লড়াই শুরুর আগেই ভিসা ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে ইরানকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা টুর্নামেন্টের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad