ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি বলে জানিয়েছে তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি প্রায় চূড়ান্ত বলে দাবি করলেও তা প্রত্যাখ্যান করেছে ইরান।
এ পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন, ইরানকে ঘিরে দীর্ঘদিনের কৌশলগত অচলাবস্থা ও চাপ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। ইতালির আমেরিকান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক আন্দ্রেয়া দেসি বলেছেন, ট্রাম্প প্রশাসন বর্তমানে এমন একটি সমাধান খুঁজছে, যা যুক্তরাষ্ট্রের জন্য ‘সম্মানজনক প্রস্থানপথ’ হিসেবে কাজ করতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দেসি বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের অবস্থান বারবার পরিবর্তিত হওয়া মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ মতপার্থক্যের ইঙ্গিত বহন করে। তবে সাম্প্রতিক বার্তাগুলো তুলনামূলক ইতিবাচক এবং তা একটি সম্ভাব্য সমঝোতার দিকে অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, “আমরা আশা করছি বর্তমান আলোচনা একটি গুরুত্বপূর্ণ সমাধানের দিকে এগোতে পারে। তবে পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তিত হওয়ার ঝুঁকিও রয়েছে।”
দেসি আরও বলেন, ফাঁস হওয়া খসড়া নথির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, একটি সমঝোতায় পৌঁছাতে ট্রাম্প প্রশাসন তাদের পূর্বের কয়েকটি কঠোর অবস্থান থেকে সরে এসেছে। তবে চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে ওয়াশিংটনকে শুধু নিজ দেশের সমর্থকদের নয়, ঘনিষ্ঠ মিত্র ইসরাইলকেও সন্তুষ্ট রাখতে হবে।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই উভয় পক্ষের অবস্থান নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে। তবে চুক্তির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক