মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার দেওয়া এক বাণীতে এসব কথা বলেন রিজভী।
বাণীতে রিজভী বলেন, ৪৮ বছর আগে দেশের এক সংকটময় সময়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত হয়। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই দলটি কাজ করে আসছে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন রিজভী। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান তিনি এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
রিজভী বলেন, দেশ ও জাতির সংকটময় সময়ে দুঃশাসনের পরিবেশে অসীম সাহসিকতার সঙ্গে জুলুম-নির্যাতন সহ্য করে বেগম খালেদা জিয়া দুর্বার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দলের জন্য যেসব নেতাকর্মী আত্মত্যাগ করেছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
রিজভী বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ও বহুদলীয় গণতন্ত্র বিএনপির মূল আদর্শ। শহীদ জিয়াউর রহমান প্রণীত ১৯ দফা কর্মসূচি দলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিত্তি। তার আদর্শ ও দর্শনের আলোকে ‘বাংলাদেশি পরিচয়’কে প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের মর্যাদার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতাকর্মীদের গণতন্ত্রের পথচলা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে রিজভী বলেন, জনগণের অধিকার যাতে কোনো স্বেচ্ছাচারী শক্তি আর কখনো হরণ করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তার সার্বিক সাফল্য কামনা করেন রিজভী।
রিজভী আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্র ও সমাজে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি তার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য ও সামাজিক অনাচার দূর করে একটি সমৃদ্ধ, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের সার্বিক পরিকল্পনা সবাইকে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক চেতনার বিকাশ এবং জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
বাণীতে রিজভী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে বিএনপি জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের অধিকার ও কল্যাণে কাজ করেছে। কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী এবং নারী ও শিশুসহ সমাজের সর্বস্তরের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি কখনো পিছপা হবে না।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার