বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি তাদের কাছে কোনো পেশা নয়; বরং এটি জনগণ ও দেশের প্রতি দায়িত্ব পালনের একটি মাধ্যম। তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, দেশে কোনোভাবেই চাঁদাবাজি চলতে দেওয়া হবে না এবং এ অপসংস্কৃতি স্থায়ীভাবে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অসৎ ও জবাবদিহিহীন নেতৃত্বের কারণে দেশের সাধারণ মানুষের প্রত্যাশিত উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তন ঘটেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে হলে রাজনীতিতে সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণের ভোটে নির্বাচিত হলে সরকারের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রতিবছর জনগণের সামনে উপস্থাপন করবে। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে তাদের অন্যতম অঙ্গীকার।
নারীদের প্রতি অবমাননাকর আচরণের প্রসঙ্গ উল্লেখ করে জামায়াত আমির বলেন, যারা দেশের মা-বোনদের অসম্মান করেছেন, তাদের উচিত জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা।
সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার