মোটরসাইকেলের ইঞ্জিন খুলতেই বের হলো ৭ হাজার ইয়াবা, নেত্রকোনায় আটক ২

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৬, ১১:৪৪ রাত
  • ২২৫৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নেত্রকোনা জেলায় বিশেষ অভিযানে মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে নেত্রকোনা–ময়মনসিংহ সড়কের রাজেন্দ্রপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়।

তল্লাশির এক পর্যায়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানো হলে সেটির ইঞ্জিন অংশ খুলে বিশেষভাবে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। পরে মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মো. সোহেল মিয়া (৩৬) এবং মো. সজীব (২৪)।

ডিএনসি জানায়, উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৭ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটক দুইজনকে বিকেলে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডিএনসি কর্মকর্তারা আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad