স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। তবে পরাজিত হলেও গ্রুপের রানারআপ হিসেবে শেষ ৩২-এর টিকিট কেটেছে কানাডাও।
বুধবার অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রিত ও সংগঠিত ফুটবল উপহার দেয় সুইজারল্যান্ড। প্রথমার্ধে উভয় দল গোলের সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি কেউ। ফলে বিরতিতে যায় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের চিত্র পাল্টে যায়। বিরতির পর মাত্র ৪০ সেকেন্ডের মাথায় রুবেন ভার্গাসের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। তার নেওয়া শট কানাডার গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপোর নাগাল এড়িয়ে পোস্টে লেগে জালে জড়ায়।
গোল হজমের ধাক্কা সামলানোর আগেই আরও একবার বিপদে পড়ে স্বাগতিকরা। ম্যাচের ৫৭তম মিনিটে ব্রিল এমবোলোর বাড়ানো বল থেকে জোহান মানজাম্বি দুর্দান্ত শট নেন। বলটি ক্রেপোর হাত ফসকে জালে ঢুকে গেলে ব্যবধান দাঁড়ায় ২-০।
২০ বছর বয়সী মানজাম্বি টুর্নামেন্টজুড়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। আগের ম্যাচে বদলি নেমে জোড়া গোল করার পর এই ম্যাচে একাদশে সুযোগ পেয়ে গুরুত্বপূর্ণ গোল করে কোচের আস্থার প্রতিদান দেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় কানাডা। ম্যাচের ৭৬তম মিনিটে বদলি খেলোয়াড় প্রোমিস ডেভিড গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।
এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। আগামী ২ জুলাই ভ্যাঙ্কুভারে শেষ ৩২-এর ম্যাচে তারা কোনো একটি তৃতীয়-স্থানধারী দলের মুখোমুখি হবে।
অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে মাঠে নামা কানাডা হেরে সেই সুযোগ হারালেও রানারআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে। শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের রানারআপ দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
স্বাগতিক সমর্থকদের হতাশা বাড়লেও বিশ্বকাপে কানাডার স্বপ্ন এখনও বেঁচে আছে। আর টানা ভালো পারফরম্যান্সে সুইজারল্যান্ড জানিয়ে দিয়েছে, নকআউট পর্বে তারা যে কোনো দলের জন্যই কঠিন চ্যালেঞ্জ হতে পারে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স