সেবা ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করতে ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) ২০২৫-২৬ আয়োজন করেছে রূপালী ব্যাংক পিএলসি। এ আয়োজনের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর সেবা উদ্যোগ তুলে ধরা হয় এবং সেরা উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচিত হয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’।
বৃহস্পতিবার (২৫ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও চিফ ইনোভেশন অফিসার ফরিদা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে সেবা পৌঁছে দিতে সরকারি সেবাগুলোকে ধাপে ধাপে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে হবে। প্রযুক্তিনির্ভর উদ্ভাবনই ভবিষ্যতের কার্যকর সেবা ব্যবস্থার ভিত্তি গড়ে তুলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করাই ব্যাংকের মূল লক্ষ্য। উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সেবার গুণগত মান আরও উন্নত করা হবে।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ, মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া ও সালামুন নেছা, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৫-২৬ বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ প্রদর্শনীতে ব্যাংকের বিভিন্ন বিভাগ তাদের উদ্ভাবনী ধারণা, ডিজিটাল সেবা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম উপস্থাপন করে। নির্ধারিত মানদণ্ডে মূল্যায়নের পর ‘রূপালীক্যাশ’কে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে ঘোষণা করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ ব্যাংকের সেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং উদ্ভাবনী সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে গ্রাহকসেবায় নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচিত হবে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার