হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি প্রশ্ন রেখে বলেন, “ছয় শিশুর মৃত্যুর ঘটনায় যদি একটি হাসপাতাল বন্ধ করা হয়, তাহলে হামে ছয় শতাধিক শিশুর মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রী কি পদত্যাগ করবেন?”
শুক্রবার সকালে রাজধানীর ভাটারায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহযোগী সংগঠন ‘নগর উন্নয়ন ফোরাম’ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট রেজাউল করিম সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরা সদস্য মাওলানা কুতুব উদ্দিন, ফজলে আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সেলিম উদ্দিন বলেন, দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণেই এ সংকট তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার স্বাস্থ্যসেবা নিয়ে শুধু কথার রাজনীতি করছে, অথচ সরকারি চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা দিন দিন প্রকট হচ্ছে।
তার দাবি, সরকারি হাসপাতালগুলোতে রোগীরা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না, কিন্তু সেই ওষুধই বাইরে বিক্রি হচ্ছে। এছাড়া অতিরিক্ত বরাদ্দের অর্থে নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম কিনে হাসপাতালগুলোতে অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় তিনি জরুরি ভিত্তিতে হাম প্রতিরোধী টিকার পর্যাপ্ত মজুত নিশ্চিত করা, হাসপাতালের শয্যা ও আইসিইউ সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার, জাতীয় সংকটে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধির দাবি জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন সেলিম উদ্দিন। তিনি বলেন, নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য ও নাগরিকসেবা পৌঁছে দেওয়া হবে এবং রাজধানীকে একটি মানবিক ও জনবান্ধব নগরীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, ছানিজনিত সমস্যায় আক্রান্ত দরিদ্র রোগীদের বাছাই করে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০ জন চিকিৎসক কয়েক হাজার মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন। এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডেও একই ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়েছে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার